আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির ২৩৭টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও নিরাপত্তা সদস্যদের। বুধবার সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে একযোগে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরঞ্জাম বুঝিয়ে দেন। একই সঙ্গে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা, যারা ভোটগ্রহণের সময় নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক