সিলেটে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারস্থ মায়ের হাসি ক্লিনিকের পাশে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল (১২০০ গ্রাম), ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ২০০ গ্রাম গান পাউডার।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা মজুদ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিডিমূলে অস্ত্র ও বিস্ফোরকগুলো গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
র্যাব আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত র্যাব-৯ এর অভিযানে ২৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড, ৮টি এয়ারগান ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিডি-প্রতিদিন/জামশেদ