যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর ঐতিহাসিক দুর্জয় স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জাতির বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলাও অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ