জরুরি মেরামত ও বিতরণ লাইনের উন্নয়নকাজের কারণে শনিবার সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর নির্বাহী প্রকৌশলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছপালার শাখা–প্রশাখা কর্তনের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বিদ্যুৎ না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—নবাব রোড, জল্লারপাড়, কিনব্রিজ, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, সিলেট বেতার, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি ও মদনমোহন কলেজ এলাকা।
এ ছাড়া শেখঘাট, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তেলিহাওর, তালতলা, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর, শামীমাবাদসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/সুজন