বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বিজয় র্যালি ও পথসভা করেছে খেলাফত মজলিস। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরশহরে উপজেলা খেলাফত মজলিসের ব্যানারে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনবাজার এলাকায় এসে একটি পথসভায় মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, জেলা পশ্চিম খেলাফত মজলিসের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ জামিল আহমেদ এবং বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মতিন।
বক্তারা মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/মাইনুল