সিলেটের সীমান্তবর্তী এলাকায় একটি সবজি ক্ষেতের মাটির নিচ থেকে ভারতীয় একটি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই সীমান্ত এলাকার একটি সবজি ক্ষেত থেকে মাটি খুঁড়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কয়েকজন অস্ত্র কারবারি ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে তা অন্য একটি চোরাকারবারি চক্রের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে পান্থুমাই এলাকার ওই সবজি ক্ষেতের মাটির নিচে চাপা দিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় নজরদারি ও সতর্ক অবস্থান নেয়।
অস্ত্র সংগ্রহের চেষ্টা চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মাটি খুঁড়ে অস্ত্রটি উদ্ধার করেন।
এর আগে, গত ১৯ ডিসেম্বর রাতে একই এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় এয়ার রাইফেলের ২৫টি স্প্রিং উদ্ধার করা হয়েছিল।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের মাধ্যমে যেন দেশের স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল না হয়, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল