হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সামু ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষিজমি ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ