সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি সেতুর নিচ থেকে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত রিভলবারটি জাপানের তৈরি। এছাড়া বিস্ফোরকের মধ্যে রয়েছে একটি ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ এবং একটি ‘নিওজেল এমালসন এক্সপ্লোসিভ’।
কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
র্যাব আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বুধবার পর্যন্ত র্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল