মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন ব্যক্তি।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাটালতলী) বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) এবং ছোটভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন বছরখানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
গুরুতর আহত ব্যক্তি হলেন মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বা কারা জড়িত তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আশফাক