বসুন্ধরা সিমেন্টের শীর্ষ ডিলারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘আনন্দ ভ্রমণ’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের সিগাল হোটেলে। তিন দিন, দুই রাতের এই আয়োজনটি ছিল ডিলারদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দীন।
তিনি উপস্থিত সকল ডিলারকে স্বাগত জানান এবং ব্যবসার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ডিলারদের সক্রিয় সহযোগিতা ও আস্থাই বসুন্ধরা সিমেন্টকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার শাহ্ জামাল শিকদার, শাকেব কামাল আহমেদসহ (জিএম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ভ্রমণটি অংশগ্রহণকারী সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি জমকালো র্যাফেল ড্র, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এরপর অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। দিনটির সমাপ্তি ঘটে এক আড়ম্বরপূর্ণ নৈশভোজের মাধ্যমে, যেখানে সবাই একসাথে আনন্দঘন সময় উপভোগ করেন।
বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ধরনের উদ্যোগ ডিলারদের সাথে সম্পর্ক আরও মজবুত করবে এবং সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬ সালকে একটি মাইলস্টোন বছরে পরিণত করতে সহায়ক হবে।
বিডি-প্রতিদিন/এমএল