‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবা’ শীর্ষক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংহঠনের কলেজ শাখার সভাপতি মো. ইমরান শাহ। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। কেবল ব্যক্তিগত ক্যারিয়ার বা পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং মানবতার সেবায় এগিয়ে আসাই আমাদের নৈতিক দায়িত্ব। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।”
তিনি আরও উল্লেখ করেন, ছোট ছোট ভালো উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের পথ তৈরি করে।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তুহিন। তিনি বলেন, “স্বেচ্ছাসেবা শুধু অন্যের উপকার নয়, এটি একজন মানুষের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করুক। শুভসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে নীলফামারী সরকারি কলেজ এলাকায় মানবিক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা রতন চন্দ্র রায়। তিনি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে অংশগ্রহণকারী সদস্যরা তাদের মতামতে বলেন, সমাজের উন্নয়নে বৃক্ষরোপণ, রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের এসব মানবিক উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি লাজু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিবুজ্জামান নিবির, হাফিজুল ইসলাম, আদনান চৌধুরী ও সোহানা আক্তার সুমা।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক রিদিকা তাবাসসুম রিফা, নুরে জান্নাত মেঘনা ও যমুনা রায়, অর্থ সম্পাদক শাহরিয়ার ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর জামান আশিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, কার্যকরী সদস্য আল-আমিন ইসলাম, মোশরেফা, আসাদুজ্জামান হৃদয়, জাকিয়া সুলতানা জেমি, সুরাইয়া আক্তার শিখা, সুরাইয়া ইয়াসমিন মিতু, আসমা উল হুসনা, রুবাইয়া আক্তার হ্যাপি এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
সার্বিকভাবে, শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই আলোচনা সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আরকে