সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে বিষ দিয়ে মাছ শিকার করছিল কতিপয় ব্যক্তি। বন বিভাগ সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ করেছেন বনরক্ষীরা। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা গহীন বনে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে নিয়মিত টহলে বের হন। টহলকালে চাঁদপাই রেঞ্জের শিয়ালা এলাকার একটি সাইড খালে তিনটি সন্দেহজনক জেলে নৌকা দেখতে পেয়ে তারা সেগুলোর দিকে এগিয়ে যান। এ সময় নৌকায় থাকা অজ্ঞাত পরিচয়ের জেলেরা বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকা ফেলেই বনের ভেতরে পালিয়ে যান।
পরবর্তীতে বনরক্ষীরা পরিত্যক্ত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে মাছ ধরার অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করেন। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে ২৪ বোতল কীটনাশক (বিষ), তিনটি টোনা জাল, বনের ভেতর মাছ শুকানোর কাজে ব্যবহারের জন্য আনা শুঁটকি তৈরির চাটাই এবং আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, এখন সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই প্রবেশ নিষিদ্ধ সময়ে অজ্ঞাত জেলেরা অবৈধভাবে বনের খালে বিষ দিয়ে মাছ ধরে তা বনের মধ্যেই শুঁটকি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল। সকালে বনরক্ষীদের তৎপরতায় বিষ দিয়ে মাছ ধরার এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কেকে