রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলতি বছরের জুনজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাসব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বড় অংশই মাদক কারবারি। মাদকসংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৭৯৭ জনকে। অভিযানে কোনো তালিকায় নাম না থাকা (তালিকাবহির্ভূত) আরও ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।