শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার বেলা ১১টার দিকে শ্রমিকরা বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ করে দেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কারখানা ত্যাগ করেন। পরদিন সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে কাজে যোগদান না করে পুনরায় কারখানার মেইন গেটে অবস্থান নেন। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করলেও তারা কারখানা ত্যাগ করেন। মঙ্গলবার সকালেও শ্রমিকরা কারখানায় প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে কাজে যোগ না দিয়ে বসে থাকেন। কর্তৃপক্ষ বারবার কাজ করার জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগ না দিয়ে দুপুরের খাবারে চলে যান।
তারা দুপুরের খাবারের পর কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষের অনুরোধে কাজ শুরু করলেও কিছু সময় পর পুনরায় কাজ বন্ধ করে দেন। কর্তৃপক্ষের ভাষ্য, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড অবৈধ ধর্মঘটের শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ১ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) বন্ধ ঘোষণা করেছে। পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে শ্রমিকরা অভিযোগ করেন, গত শনিবার রুবিনা বেগম (৫০) নামের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কোনাবাড়ীর একটি ক্লিনিকে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। সঠিক তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
শিল্পপুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ইসলাম গ্রুপের বন্ধ হওয়া কারখানাটিতে প্রায় ৩ হাজার ২০০ শ্রমিক রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে। কারখানা কর্তৃপক্ষ সন্দেহ করছে নাশকতা হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রেখেছি।