ডিজিটাল লেনদেন সম্প্রসারণে যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সমাধান সার্ভিসেস লিমিটেড (জিপে)।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে কার্ডের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে এই উদ্যোগ বাংলাদেশের জন্য আর্থিক সেবায় আরও সুবিধা যোগ করবে। নতুন এই কার্ড জিপে ওয়ালেটের সুবিধাকে দৈনন্দিন লেনদেনে আরও সহজ করবে। ওয়ালেটের ব্যালেন্সের সঙ্গে রিয়েল-টাইমে সংযুক্ত থাকায় কার্ডহোল্ডাররা একই ব্যালেন্স ব্যবহার করে ডিজিটাল ও সরাসরি উভয় ধরনের লেনদেন করতে পারবেন।
এই কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন, দোকান থেকে কেনাকাটা, কিউআর পেমেন্ট, এটিএম থেকে নগদ উত্তোলন এবং কন্ট্যাক্টলেস ট্যাপ অ্যান্ড গো পেমেন্টসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। পাশাপাশি, প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম নোটিফিকেশন ও তাৎক্ষণিক ব্যালেন্স আপডেটের সুবিধা থাকবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন একটি আধুনিক প্রিপেইড সল্যুশন চালু করতে চাই, যা ব্যাংকিং সেবা ও ডিজিটাল ওয়ালেটকে একত্রিত করে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে মাস্টারকার্ড নেটওয়ার্কের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারবেন।
সমাধান সার্ভিসেস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘এই কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করাই সমাধানের অঙ্গীকার।’
বিডি-প্রতিদিন/এমই