দেশের খাদ্য মজুত বাড়াতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ গম আমদানির অনুমোদন দেওয়া হয়।
সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত বিভিন্ন ক্রয় প্রস্তাব বিবেচনা করা হয়।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানি সংক্রান্ত দুটি প্রস্তাব রয়েছে।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কম/বেশি) মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এই গম সিঙ্গাপুর ভিত্তিক এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।
এছাড়া পৃথক এক সিদ্ধান্তে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ আমদানিতে সরকারের মোট ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা ১০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/জেডআর