কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে নাগরিকত্ব জটিলতায় টানা ১৭ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা তিন যুবকের খোঁজ মিলছে না।
বুধবার (১ জুলাই) ভোর থেকে তাদের আর সেখানে দেখা যাচ্ছে না। তবে তারা কোথায় গেছেন, নাকি কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়ন।
এর আগে গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়।
পরে প্রথমদিকে দুই শিশুসহ ছয়জনকে শূন্যরেখায় পাওয়া যাচ্ছিল না। এরপর ৯ জনের মধ্যে ৩ যুবক ইজলামারী সীমান্তের শূন্যরেখাতেই আটকে থাকেন। টানা ১৭ দিন খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা।
এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, টানা ১৭ দিন ধরে তিন যুবক ইজলামারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে বুধবার ভোর থেকে তাদের সেখানে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবির নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই