জয়পুরহাটে ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। বুধবার বিকালে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র ও জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ বিকালে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় থেকে জামালগঞ্জগামী রাস্তার সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। অভিযানে অবৈধভাবে মজুত করা ও চালানের উদ্দেশ্যে রাখা ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় শিহাব উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ ও নকল সিরাপের বিরুদ্ধে এবং মাদক দমনে অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই