টেকনাফে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল হক (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার তাকে আটক করা হয়।
আটক আজিজুল হক টেকনাফ সদরের ডেইল পাড়ার হোসেন আহমদের পুত্র।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র একটি দল ওই এলাকায় গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
সকাল ১১ টায় তিনজন ব্যক্তিকে জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মিয়ানমার থেকে মাদকের একটি চালান গ্রহণপূর্বক ঠেলা জালসহ আলু গোলা পোস্টসংলগ্ন বেড়িবাঁধের দিকে আসতে দেখে।
এ সময় আভিযানিক দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বিজিবি’র আভিযানিক দল তাদের ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করতে সক্ষম হয়। অপর দুইজন ব্যক্তি দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জালটি তল্লাশি করে জালের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম