আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
এ আয়োজনে ২৫০টি দেশি-বিদেশি ব্র্যান্ড অংশ নেবে। থাকবে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং বিশেষ মূল্যছাড়ের নানা অফার। বুধবার (০১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড। মেলার পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী।
সংবাদ সম্মেলন জানানো হয়, মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। এ আয়োজনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই মেলা স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকেও পরিচিত করবে। পাশাপাশি, করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাবসায়িক অংশীজনদের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক তৈরি করবে।
অন্যদিকে, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য থাকছে বিশেষ সুযোগ। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলেই ফ্ল্যাট ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন তারা।
তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশিয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।’
শফিকুল ইসলাম জানান, দেশি-বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এই ফেস্ট দেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং ও কনজ্যুমার এনগেজমেন্টে নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাজার ও গ্রাহক তৈরির জন্যও বড় সুযোগ।
জিন্নাত আরা বারী বলেন, দেশের হাজারো নারী উদ্যোক্তার বড় পরিসরে ক্রেতা ও নতুন অংশীদার পাওয়ার চ্যালেঞ্জ দূর করবে এই ফেস্ট। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর ও গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরার বড় প্ল্যাটফর্ম পাবেন।
এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও প্রতিবছর এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।
বিডি-প্রতিদিন/এমই