রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ এসএস পরিবহন থেকে ইয়াবার এ বড় চালান উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মনসুর মণ্ডল ওরফে বোদাকে আটক করা হয়। মনসুর রংপুর পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করেন। একপর্যায়ে মাদক কারবারি মনসুর মণ্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে এলে তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চায়ের প্যাকেটের ভিতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।