অকার্যকর (নন-ভায়েবল) অবস্থা থেকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নতুন মূলধন সংগ্রহ, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং আমানতকারীদের অর্থ পরিশোধে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। অন্যথায় ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে রেজল্যুশন কার্যক্রম শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৫ ধারার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের অঙ্গীকারের ভিত্তিতে এ বিশেষ সময় দেওয়া হয়েছে।
তিন মাস সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের নতুন মূলধন জোগান দিতে হবে এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজস্ব সম্পদ বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃ তফসিল বা সমঝোতার মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।