সিলেটে বাজারে যাওয়ার পথে অতর্কিত হামলায় এক যুবক খুন হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুর বাড়ির আত্মীয়রা জাহাঙ্গীর আলম নামের ওই যুবককে খুন করেছেন বলে অভিযোগ ওঠেছে।
গত বুধবার বিকেলে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের করুণা সুন্দরী দীঘির পাশের সড়কে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২৮) কানাইঘাটের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে প্রায় দুইমাস ধরে জাহাঙ্গীর আলমের স্ত্রী দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে জাহাঙ্গীর তার ভায়রা ভাই শামীম উদ্দিনের সহযোগিতা চান। গত মঙ্গলবার দুপুরে এ নিয়ে ভায়রা ভাই শামীমের সাথে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুণাসুন্দরী দীঘির পাশে পূর্ব থেকে ওৎপেতে থাকা শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের উপর হামলা চালান। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর মারা যান।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ভায়রা ভাইয়ের সাথে জাহাঙ্গীরের বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরে জাহাঙ্গীর খুন হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন