সিলেটের জকিগঞ্জ সড়কে চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বিআরটিসি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। আর তখন ঘটনাস্থলে একজন মারা যান এবং আরও দুইজন আহত হন। স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এইদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।’
বিডি প্রতিদিন/এআরএ