ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পরবর্তী পর্যায়ের পরোক্ষ আলোচনা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ জুলাই) কাতারের দোহায় পরোক্ষ আলোচনার পর আল-হাদাস’ টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে প্রতিবেদনে বৈঠকের স্থান সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমটির একজন জ্যেষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী পর্ব ১৮ জুলাই শুরু হবে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা ‘ইতিবাচক অগ্রগতি’র মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছে। লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ওপর ভিত্তি করে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, উভয় পক্ষই আগামী সময়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানের পরপরই যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।
সূত্র: তাস নিউজ।
বিডি প্রতিদিন/আরকে