গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১৫ জুলাই থেকে একযোগে শুরু হবে। এর আগে ৮ থেকে ১৩ জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫–২৬) সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। আগামী ৪ ও ৫ জুলাই আরেকটি মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। সেই তালিকার ভিত্তিতে প্রাথমিক ভর্তি শেষে ৮ থেকে ১৩ জুলাই চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এরপর ১৫ জুলাই থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
চূড়ান্ত ভর্তির পর মাইগ্রেশন চালু থাকবে কি না, সে বিষয়ে অধ্যাপক মনজুরুল হক বলেন, এটি নির্ভর করবে চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা থাকে তার ওপর। এখন পর্যন্ত ৬ থেকে ৭টি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন ফাঁকা নেই। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ১০ থেকে ১২টি করে আসন শূন্য রয়েছে। আরেক দফা মাইগ্রেশনের পর সেগুলোও পূরণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরবর্তী মাইগ্রেশনের পর যদি মাত্র দুই-তিনটি আসন ফাঁকা থাকে, তাহলে নতুন করে ভর্তি কার্যক্রম নাও নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুচ্ছ ভর্তি কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এআইএস