কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) ও হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ বাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ডিএনসির কর্মকর্তারা জানান, ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে এর সীমিত উপস্থিতি থাকলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো এ মাদক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস। তিনি বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
বিডি-প্রতিদিন/এআইএস