সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ২১ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিস-এর (বিচার প্রাসাদ) কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ক্যাফেটিতে বহু মানুষ অবস্থান করছিলেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের প্রধানের বরাত দিয়ে এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পাশাপাশি এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ