ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে আমরা বদ্ধপরিকর।’
সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের জন্য একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।
সভায় জানানো হয়, পরিবেশ সুরক্ষায় ডিএসসিসি’র ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়ক দ্বীপে (মিডিয়ান) প্রায় ১৮ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
এদিকে, নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে একটি কার্যকর ও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জেডএ