রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। তিনি কামালবাগ এলাকার ওই পলিথিন কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস