রাজধানীর আদাবরে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা মো. আবুল বাশার (৪৫) ঢামেকে মৃত্যুবরণ করেন। একই ঘটনায় মো. সাদ্দাম (৩৫) নামে আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত বাশার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গফুর-এর ছেলে। বর্তমানে আদাবর বি-ব্লক, ১ নম্বর রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জেরে মজনু সহ ৮/১০ জন তাদেরকে কুপিয়ে আহত করে। গুরতর আহত অবস্থায় প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বাদশাহকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এ চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটায় মারা যান বাশার।
নিহতের ভাই সবুজ বলেন, নিহত বাশার প্রাইভেটকার চালক। টাউন হল এলাকার রনি'র গাড়ি চালাতো। তিনি আদাবর থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি আরও বলেন, তিনি একটি বিচারে গিয়েছিলেন, সেখানে খেলা নিয়ে ঝামেলা হয়েছিল। মীমাংসা করে ফেরার পথে ৮/১০ জন তাদের উপর হামলা করে কুপিয়ে আহত করে।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/টিএ