সিলেটের বিয়ানীবাজারে বিআরটিসির একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার কাঠলিপুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাই মিয়া (৫৫) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট–জকিগঞ্জ সড়কে চলাচলকারী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কালাই মিয়ার মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/এআইএস