নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যে ফ্রান্সে সাশ্রয়ী মূল্যের এয়ার কন্ডিশনার কিনতে হুড়োহুড়ি শুরু হয়েছে। রাজধানী প্যারিস ও আশপাশের বিভিন্ন এলাকায় চেইন সুপারমার্কেট লিডলের সামনে শত শত মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। কোথাও ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বাজারে অধিকাংশ এসির দাম যেখানে এক হাজার ২০০ ইউরো বা তার বেশি, সেখানে লিডল মাত্র ১৭৯ ইউরোতে কুলিং ইউনিট বিক্রির ঘোষণা দেয়। এরপরই ক্রেতাদের ব্যাপক ভিড় শুরু হয়। অনেক শাখায় সরবরাহ ছিল মাত্র কয়েকটি ইউনিট। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরেছেন।
উত্তর প্যারিসের একটি শাখায় লাইনে দাঁড়ানো এক ক্রেতা জানান, প্রায় ২০০ জন অপেক্ষা করছিলেন, কিন্তু বিক্রির জন্য ছিল মাত্র দুটি ইউনিট। পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশ ঘটনাস্থলে আসে। প্যারিসের উপকণ্ঠ সেভরান ও লিভ্রি গারগান এলাকাতেও একই চিত্র দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে আশপাশের সড়কে যানজটও সৃষ্টি হয়।
তাপপ্রবাহের কারণে দেশটিতে কুলিং ইউনিটের চাহিদা দ্রুত বাড়ছে। গত ২২ জুন হাইপারমার্কেট চেইন ক্যারেফোর একদিনেই ৩০ হাজার কুলিং ইউনিট বিক্রি করেছে, যা স্বাভাবিক দিনের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি।
ফ্রান্সের রাষ্ট্রীয় পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির ১৮ শতাংশ পরিবারে এসি থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২৪ শতাংশে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বাড়ছে। ফলে এতদিন এসি ব্যবহারে অনীহা থাকা ফরাসিরাও এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের দিকে ঝুঁকছেন।
সোর্স : এএফপি
বিডি প্রতিদিন/আশিক