রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় একটি ভবনের নিচতলার কক্ষে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ৪৪/এ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), তার চাচাতো ভাই মো. পারভেজ (২১) এবং রানা মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের স্বজন রাজি জানান, তিনজনই কাঠালবাগানের একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। জুয়েল ওই ভবনের নিচতলার একটি কক্ষে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। বাবা-মা গ্রামের বাড়িতে যাওয়ায় রাতে কাজ শেষে জুয়েল, পারভেজ ও রানা ওই কক্ষে প্রবেশ করেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনে তারা দগ্ধ হন।
তার ধারণা, কক্ষটি সেপটিক ট্যাংকের ওপর হওয়ায় সেখানে আগে থেকেই গ্যাস জমে ছিল। তিনজন কক্ষে ঢুকে মশার কয়েল জ্বালানোর জন্য দেশলাই জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণের পর কক্ষের একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং সেপটিক ট্যাংকের ঢাকনাও খুলে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রানা মিয়ার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া জুয়েলের শরীরের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও গুরুতর।
দগ্ধ তিনজনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/এআইডি