চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন দই-মিষ্টি তৈরির করায় ‘মিষ্টি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোলদাড়ি বাজারে ভোক্তার অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে ঘোলদাড়ি বাজারে অবস্থিত মিষ্টি বাড়ি নামের প্রতিষ্ঠানে বেশকিছু অনিয়মের প্রমাণ মেলে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ওই প্রতিষ্ঠানের মালিক মো. শুকুর আলীর নিকট হতে জরিমানার ২০ হাজার টাকা আদায় করা হয়।
সহকারী পরিচালক জানান, অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।
বিডি প্রতিদিন/এএম