কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার পর বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় ২২’শত কৃষক-কৃষাণীদের জনপ্রতি রোপা আমন ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি করে প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ন-আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন ও সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম