রাজবাড়ী পৌরসভা এলাকার খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার বিনোদপুর ৩নং ওয়ার্ডের খাদ্য গুদামের সামনে থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকালে হাবিবুর রহমান নামে এক টোকাই ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে যায়। এ সময় তিনি একটি প্লাটিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে সাদা কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করেন তিনি।
টোকাই হাবিবুর রহমান বলেন, ‘আমি প্রতিদিনের মতো সকালে এখানে বিভিন্ন জিনিস কুড়াতে আসি। সেখানে একটি প্লাটিকের ব্যাগ দেখতে পাই। সেটি খুলতেই কাপড়ে মোড়ানো একটি শিশুর মরদেহ দেখতে পাই। এরপর স্থানীয়দের জানালে তারা পুলিশকে খরব দেয়।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকাল ৯টার দিকে খবর পাই যে ময়লার ভাগাড়ে একটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম