গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার পাচকাহানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. মোকসেদ আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোকসেদ আলী জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘরের ভেতর শব্দ শুনতে পান। এ সময় তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বললে তার স্ত্রী ধারণা করেন বিড়াল পড়েছে। পরে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান কে বা কারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওয়ার্ডরোবে রাখা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
ভুক্তভোগীর স্ত্রী বলেন, আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু মনে করেছিলাম বিড়াল পড়েছে। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের অর্জিত অর্থ চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চাই।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি