৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’-এর শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার (৩০ জুন) রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে আয়োজকদের মতে, টুর্নামেন্টটির সবচেয়ে বড় অর্জন ছিল ঢাকার ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একই মঞ্চে নিয়ে আসা। ভিন্ন ভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা, খেলোয়াড়সুলভ মনোভাব ও দলগত চেতনাকে তুলে ধরার সুযোগ পান।
২৮ জুন শুরু হওয়া নকআউট পর্বে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই অংশ নেওয়া দলগুলোর প্রতিদ্বন্দ্বিতায় স্টেডিয়ামে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগিতা সফলভাবে আয়োজন এবং ম্যাচ পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফাইনাল ম্যাচটি জিটিভিতে সরাসরি সম্প্রচার হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের দর্শকও এই আয়োজন উপভোগের সুযোগ পান। খেলা শেষে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পাঁচ লাখ টাকা এবং রানারআপ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মামুন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমসহ বাফুফের পদস্থ কর্মকর্তারা।
ফাইনালের আগে আলোক প্রদর্শনী, ফ্ল্যাশ মব ও সরাসরি সংগীত পরিবেশনায় স্টেডিয়াম উৎসবের রূপ নেয়। ক্যাম্পাস সফর, জার্সি উন্মোচন ও ট্রফি সফরের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনের সফল সমাপ্তির মধ্য দিয়ে ৩২টি বিশ্ববিদ্যালয়, শত শত খেলোয়াড় ও হাজারো সমর্থক এক মিলনমেলায় যুক্ত হন। আয়োজকদের ভাষ্য, এই উদ্যোগ প্রমাণ করেছে—সুযোগ পেলে তরুণরা নিজেদের সামর্থ্য ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম।
বিডি-প্রতিদিন/শআ