নগরবাসীর সকল সমস্যার সমাধান করে বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর লালবাগ কেল্লা শায়েস্তা খান কল্যাণ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান বলেন, এ এলাকায় পানি ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। রাজধানীতে বসবাস করার পরও এ এলাকার জনগণ পানি ও গ্যাসের সমস্যায় আছেন। আমি জনগণের সহযোগিতায় এলাকার সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, তফসিল ঘোষণার পরও পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করার জন্য দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই আছে। নির্দিষ্ট তফসিল অনুযায়ী নির্বাচন হবে।
তিনি বলেন, বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নিয়ে নির্বাচনি প্রস্তুতি সভা করছি, সবার মতামত নিয়েছি। প্রচার-প্রচারণা কমিটি, কেন্দ্র কমিটি, পোলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে একটি গুপ্ত সংগঠনের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাই নিজেদের ঐক্য জরুরি। যত ষড়যন্ত্রই হোক না কেনো বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল, সাইদ হাসান মিন্টু, শামসুন্নাহার ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ