বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। আমাদেরকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করেছে, তাই বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, ২০০৮ সালের পর আর কোনো ভোট হয়নি, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনি আবহ তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি তার প্রতিদ্ধন্দ্বী প্রার্থীর একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে দেশনেত্রী খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন। খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসসরা যে ভাষায় কথা বলেছে জামায়াতের প্রার্থী একই ভাষায় কথা বলছেন। এই অপপ্রচার করার জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’
এসময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল