আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাহমুদ হাসান খান বাবু। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দুই আসনে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে বৃহস্পতিবার পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ দলীয় নেতারা।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৬ হাজার ৬৩১ জন। নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৭৪৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি। দামুড়হুদা ও জীবননগর উপজেলা, সদর উপজেলার আংশিক (নেহালপুর, বেগমপুর, গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়ন) নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসন।
বিডি-প্রতিদিন/জামশেদ