ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাগুরার দুইটি সংসদীয় আসনে আরও তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট সাতজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান ও ডা. খলিলুর রহমান এবং মাগুরা-২ আসনে কাজী সালমুল হক কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মাগুরা-১ আসনে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কাজল। গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমানের সঙ্গে জেলা গণঅধিকার পরিষদের ইয়াছিন আলী এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া মাগুরা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী সালমুল হক কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতা ও সাবেক মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু এবং শালিখা উপজেলা বিএনপি নেতা মলিন মুন্সি। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এর আগে ১৫ ডিসেম্বর প্রথম দিনে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন— মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনে অধ্যাপক এমবি বাকের। বিএনপি থেকে মাগুরা-২ আসনে মনোনীত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মথিন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল