বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনগণের পাশে রয়েছি। সাবেক মন্ত্রী মরহুম কর্নেল আকবর হোসেন জীবদ্দশায় বলে গিয়েছিলেন, ‘আমার পরে ইয়াছিন আপনাদের পাশে থাকবে।’ সেই কথা অনুযায়ী তিনি তখন থেকে আজ পর্যন্ত জনগণের সঙ্গেই আছেন—এর সাক্ষী জনগণ নিজেরাই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অসংখ্য মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে ঘুমাতে পারেননি, ধানের জমিতে কিংবা পথে-ঘাটে রাত কাটিয়েছেন। সেই কঠিন সময়ে তিনি জনগণের সঙ্গে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ পাশে থাকবেন।
ইয়াছিন বলেন, এত জুলুম-নির্যাতনের পরও কেউ তাকে বা দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। অতীতেও পারেনি, বর্তমানেও পারবে না এবং ভবিষ্যতেও পারবে না। তিনি বলেন, তার অবস্থান পরিষ্কার—তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।
নমিনেশন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে মেয়ে দেখতে যায়, মেয়ে দেখার পর আলোচনা হয়। কিন্তু মেয়ে দেখা মানেই বিয়ে চূড়ান্ত হয়ে যাওয়া নয়। দলের চেয়ারম্যানও বারবার বলেছেন, এটি ছিল প্রাথমিক সিলেকশন; ফাইনাল সিলেকশন সামনে হবে। তখনই সিদ্ধান্ত হবে বিয়ে হবে কি না।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কখনো ‘সিল মারো ভাই সিল মারো’ রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। তাই এই ছয়টি নির্বাচনী এলাকার জনগণ যা চাইবে, সেটাই হবে। ইনশাল্লাহ, জনতার জয় হবেই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সদস্য আহ্বায়ক আমোয়ার হোসেন, সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল