নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন পর্যায়ের জনসাধারণ তার কারখানা ঘেরাও করলে তিনি এই ঘোষণা দেন।
এর আগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহরের খানপুর এলাকা থেকে মিছিল নিয়ে তল্লা এলাকার কারখানা ঘেরাও করেন।
এসময় মাসুদুজ্জামান বলেন, তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করবো। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি, আমি নির্বাচন করবো। এখন থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন। আপনারাই আমার নিরাপত্তা। নিরাপত্তার কোনো শঙ্কা আজ থেকে রইলো না।
তিনি আরও বলেন, আমি নির্বাচন করবো না বলে ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আঘাতপ্রাপ্ত হন। তাদের সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।
এর আগে গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তার ওই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনসাধারণ নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেই সাথে টানা দুইদিন ধরেই এই বিক্ষোভ চলতে থাকে। যার ধারাবাহিকতায় সবশেষ মাসুদুজ্জামান তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
বিডি প্রতিদিন/হিমেল