নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে হেফাজতে নিয়েছে পুলিশ। বর্তমানে তিনি অসুস্থ হয়ে রমেকের সিসিইউতে ভর্তি আছেন।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে একটি বেসরকারি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছানোর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় নগদ ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
এরপর তিনি অসুস্থবোধ করলে প্রথমে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।
কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের শঙ্কায় তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাঁর চিকিৎসায় থাকা অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। পরীক্ষার ফলাফল পাওয়ার পর এনজিওগ্রাম প্রয়োজন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হবে এবং বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে পরবর্তী সিদ্ধান্তের জন্য।
বিডি-প্রতিদিন/বাজিত