ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে আগেই ফাঁকা রেজাল্ট শিটে দাঁড়িপাল্লা ও ধানের শীষের পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয় এবং ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটের স্বাক্ষর করার অভিযোগে প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়। এদিকে এই ঘটনার পর ওই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন বিজিবি, সেনাবাহিনী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
জানা যায়, সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু আজ রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। সে সময় কেন্দ্রের দায়িত্ব প্রিজাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর করে নেন। এরপর দাঁড়িপাল্লার প্রতীকের এ এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে স্বাক্ষর করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন। কিন্তু প্রিজাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিট জব্দ করেছি। সাথে প্রিজাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। তিনি জানান, তিনি বুঝতে না বিষয়টি বুঝতে পারেননি। পরে ভুল বুঝতে পেরে ব্যালটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই/নাজিম