কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে হাঁস প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তাঁর নির্বাচনি প্রতিপক্ষ ফায়দা লাভের উদ্দেশ্যে গুজব ছড়িয়েছে। প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল নিজেই ফেসবুক লাইভে এসে এ বিষয়ে কথা বলেছেন।
তিনি তার ভোটার, কর্মী ও সমর্থকদের এধরনের গুজবে বিভ্রান্ত না হতে বলেছেন।
নির্বাচনের আগের রাতে প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ‘তারেক রহমানের ফোন পেয়ে’ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন— এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে যড়যন্ত্রকারীরা।
তবে প্রার্থী নিজেই ফেসবুক লাইভে এসে তিনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল ফেসবুক লাইভে বলেন, ‘প্রিয় বাজিতপুর ও নিকলীবাসী, আমার নিশ্চিত বিজয় যারা মানতে রাজি নয় এবং যাদের হার সহ্য হয় না, তারা এআইয়ের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি’।
লাইভে তিনি আরো বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনেই তারা কালবেলার লোগো এআই দিয়ে এডিট করে বলছে, তারেক রহমান নাকি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন।আমি নাকি সরে দাঁড়িয়েছি। এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে তারা’।
তিনি এলাকার ভোটার, তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সবাইকে বলব, এসব গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ, তাদের থেকে সাবধান থাকবেন। তারা দেশ ও জাতির শত্রু। তাদের ফেসবুকের মাধ্যমে প্রতিহত করুন’।
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, ‘সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে হাঁস মার্কায় ভোট দেবেন। জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ’।
খোঁজ নিয়ে জানা গেছে, ফটোকার্ডটিতে একটি সংবাদপত্রের লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়। তবে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেননি।
হাঁস প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমি কেন নির্বাচন থেকে সরে দাঁড়াব? আমি মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকব। একটি কুচক্রী মহল আমার ভোটারদের বিভ্রান্ত করতেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে’।
তিনি আরো বলেন, ‘এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে নির্দেশনা দিয়েছি’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় ভুয়া ফটোকার্ড ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি নতুন কিছু নয়। তবে সচেতনতা ও দ্রুত প্রতিবাদের মাধ্যমে এমন অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সূত্র: কালের কণ্ঠ
বিডি-প্রতিদিন/এমই