মোংলায় গভীর রাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জসিম উদ্দিনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জসিম উদ্দিন পৌর শহরের মৃত আব্দুস সামাদের ছেলে এবং জসিম গার্মেন্টসের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত গভীর রাতে মোংলা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় জসিম উদ্দিনের নেতৃত্বে ৫–৭ জন জামায়াত নেতা-কর্মী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও জসিম উদ্দিনসহ দুজনকে স্থানীয়রা আটক করে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করেন।
পরে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কেন্দ্রসংলগ্ন ভোটার স্লিপ বিতরণের অস্থায়ী অফিস সরিয়ে নেওয়া হয় এবং তাকে ওই কেন্দ্রের আশপাশে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মোংলায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল