জীবনের প্রথম ভোট দিতে সকালে কেন্দ্র খোলার আগেই লাইনে দাঁড়িয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়েস আহমেদ। তিনি রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার। প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।
কায়েস জানান, দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিতে পেরে তিনি গর্বিত ও উচ্ছ্বসিত।
এদিকে ভোট শুরু হওয়ার পরপরই কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সেই লাইনে দাঁড়িয়ে ছিলেন ৩৫ বছর বয়সী মিজান নামের এক ব্যক্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিজানও এবার প্রথমবারের মতো ভোট দিয়েছেন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগের সংসদ নির্বাচনে ভোট দিতে এসেও ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাননি। ফলে সেদিন ভোট দেওয়া সম্ভব হয়নি। তবে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। ভোটের অধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুব খুশি বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল